আইসিটি, স্বাস্থ্য, প্রতিরক্ষায় শিক্ষার খরচ লুকিয়ে আছে: কাজী নাবিল
আইসিটি, প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার খরচগুলো লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ।
বুধবার (১২ জুন) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি আয়োজিত ‘সিপিডি বাজেট সংলাপ ২০২৪’-তে আলোচনার সময় এই মন্তব্য করেন তিনি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর সঞ্চালনায় এতে মূল পর্যালোচনা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আলোচনায় আরও বক্তব্য রাখেন সংসদে বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রমুখ।
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্যান্য খাতের বরাদ্দ ছুরি দিয়ে কাটলেও শিক্ষা খাতের বরাদ্দ কোদাল দিয়ে কাটা হয় বলে মন্তব্য করেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, “এক অর্থবছরেই কমানো হয়েছে ১৬ হাজার কোটি টাকা।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কাজী নাবিল আহমেদ বলেন, দেশের কর্মক্ষম বিশাল যুবসমাজ নিয়ে কথা বলা হচ্ছে। এই যুবসমাজকে কাজের মধ্যে সম্পৃক্ত করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে- যেমন বর্তমানে আইটি সেক্টর থেকে যে কাজগুলো করা হয়েছে, যার মাধ্যমে সারা দেশে আমাদের ৬ লাখের বেশি ফ্রিল্যান্সার আছে। বর্তমানে প্রায় বিলিয়ন ডলার আয় হচ্ছে এই ফ্রিল্যান্সারদের মাধ্যমে। ভবিষ্যতে আমাদের এই খাতে আয় আরও বাড়বে। সে জন্য পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। প্রযুক্তির নির্ভর একটি অর্থনীতি পদ্ধতি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে।
তিনি বলেন, আজকের আলোচনায় যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, পাশাপাশি সুধিজনেরা যে বক্তব্য দিয়েছেন, তাদের বলবো- তারা যেন গ্লাসটি অর্ধেক খালি না দেখে অর্ধেক ভর্তি আছে সেটাও দেখার চেষ্টা করেন।
শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষায় যেভাবে গুরুত্ব দিয়ে থাকে একইভাবে স্বাস্থ্যেও তার অত্যন্ত সংবেদনশীলতা আমরা লক্ষ্য করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শিক্ষার ক্ষেত্রে। প্রতিটি বছরই শিক্ষার প্রসারে জোর দেওয়া হয়েছে। বাজেটে বরাদ্দের প্রতিফলন শুধু শিক্ষায় খুঁজলে চলবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, ডিফেন্স মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার খরচগুলো লুকিয়ে আছে।
আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, এ ‘গত এক দশক বা দেড় দশক ধরে যে উন্নয়ন কৌশল চলছে, সেখানে কর্মসংস্থানটা সেভাবে গুরুত্ব পাচ্ছে না। জরিপ বলছে, দেশের ৫৫ শতাংশ তরুণ দেশে ভবিষ্যত দেখছে না। তারা বিদেশ চলে যাচ্ছে। আমাদের শুধু বর্তমানের অবকাঠামো নয়, ভবিষ্যতে দিকেও বিনিয়োগ করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়াতে হবে।’
সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা বলেন, “আইটিভিত্তিক খাতে শুল্ক সুবিধা অব্যাহত রাখায় খাতটির বিকাশ আরও বাড়বে। ”







